পুরভোটের আগে ভোটার তালিকা সংক্রান্ত ২২ লক্ষ আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
আসন্ন পুরভোটের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত প্রায় ২২ লক্ষ আপিল ঝুলে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, যে সব বিধানসভা এলাকায় আসন্ন পুরভোট রয়েছে, সেখানকার ভোটারদের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে করা আপিলগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানি করতে হবে।
আদালত স্পষ্ট জানিয়েছে, নাম অন্তর্ভুক্তির চেয়ে নাম বাদ যাওয়ার মামলাগুলির নিষ্পত্তি করা বর্তমানে অধিক জরুরি। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, সব মিলিয়ে প্রায় ৩৮ লক্ষ আপিল জমা পড়েছিল, যার মধ্যে মাত্র এক লক্ষের মতো মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভা এলাকাতেই দু’লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে।
বিপুল সংখ্যক মামলা জমে থাকায় আসন্ন পুরভোটে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। শীর্ষ আদালত ট্রাইব্যুনালগুলিকে আপিল মামলাগুলি দুটি ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছে। এক ভাগে থাকবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে দায়ের হওয়া আপিল এবং অন্য ভাগে থাকবে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে করা আপিল।
এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতার বিভিন্ন প্রান্তে উপযুক্ত জায়গা খুঁজে বের করে ট্রাইব্যুনাল বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, নির্বাচন আসন্ন এমন এলাকাগুলির মামলাকে অগ্রাধিকার দিয়ে পুরো প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল করতে হবে, যাতে কোনো ভোটার তাঁর অধিকার থেকে বঞ্চিত না হন।