ভোটার তালিকা থেকে নাম বাদ: ট্রাইব্যুনালের বেঞ্চ বাড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশ
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত এসআইআর (SIR) মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত জানিয়েছে, ট্রাইব্যুনালের বেঞ্চের সংখ্যা বাড়াতে হলে অতিরিক্ত বিচারপতির প্রয়োজন হবে। এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য কলকাতা-সহ অন্যান্য শহরে বিকল্প স্থানে আপিলেট ট্রাইব্যুনাল গঠনের কথাও বলেছে সুপ্রিম কোর্ট।
শুনানিতে জানানো হয়েছে, ট্রাইব্যুনালে মোট ৩৮ লক্ষ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ২২ লক্ষ আবেদন ছিল এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত। আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ ও গোপাল শঙ্করনারায়ণন আদালতকে জানান, এ পর্যন্ত যে শুনানি হয়েছে, তার মধ্যে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে রায় এসেছে।
আদালত এই ধরনের আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। কলকাতা ও হাওড়ায় আসন্ন পুরনির্বাচনের কথা মাথায় রেখে সেখানকার আবেদনকারীদের নাম সংক্রান্ত আপিলগুলির দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তবে তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে জমা পড়া বাকি আবেদনগুলির শুনানি পরে করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, এসআইআর তালিকায় নাম না থাকায় যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের দ্রুত প্রতিকারের জন্য হাইকোর্টে মামলা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।