আইপিএলের প্রস্তুতিতে পাঞ্জাব কিংসে গুরুত্বপূর্ণ দায়িত্বে পরশ মামব্রে, কোচিং স্টাফে রদবদল

আইপিএলের আগামী মরসুমের জন্য পাঞ্জাব কিংস তাদের কোচিং স্টাফে বড়সড় রদবদল ঘটিয়েছে। এই রদবদলের অংশ হিসেবে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে ফ্র্যাঞ্চাইজিটির নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। তিনি জেমস হোপসের স্থলাভিষিক্ত হবেন।

পাশাপাশি, ব্র্যাড হ্যাডিনের জায়গায় নতুন কোচ হিসেবে যোগ দিচ্ছেন রাজীব কুমার। উল্লেখ্য, গত মাসেই জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিন পাঞ্জাব কিংসের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন করেছেন।

পরশ মামব্রে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করবেন। তাঁদের দুজনের এর আগে মুম্বই ইন্ডিয়ানসে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মামব্রে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর কোচিং জুটিতে ভারত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল এবং ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মামব্রের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি দু’দফায় মুম্বই ইন্ডিয়ানসের কোচিং স্টাফে কাজ করেছেন। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর তিনি পুনরায় মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন। তবে গত মরসুমে মুম্বই ইন্ডিয়ানসের পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়ায় কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রদবদলের অংশ হিসেবেই গত মাসে মুম্বই ছাড়েন মামব্রে। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *