প্রশান্ত মহাসাগরের গভীরে আবিষ্কৃত ‘হলদে রাস্তা’ আসলে কী? রহস্য ভেদ করলেন বিজ্ঞানীরা
প্রশান্ত মহাসাগরের ১,০২৯ মিটার গভীরে এক অদ্ভুত ও রহস্যময় কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ২০২২ সালে ওশান এক্সপ্লোরেশন ট্রাস্টের গবেষণা জাহাজ ‘ই/ভি নটিলাস’ সমুদ্রের তলদেশে জরিপ চালানোর সময় রিমোট-চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে। দূর থেকে দেখলে এটিকে ইঁট বিছানো কোনো রাস্তার মতো মনে হয়, যার ফাটলগুলি পরস্পরকে সমকোণে ছেদ করেছে। এই অদ্ভুত গঠনটি দেখে প্রাথমিকভাবে অনেকের মনেই কৌতূহল জেগেছিল যে এটি মানুষের তৈরি কোনো পথ কি না।
তবে গবেষণার পর বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, এটি কোনো কৃত্রিম নির্মাণ নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক এক ভূতাত্ত্বিক গঠন। গবেষকদের মতে, এটি ‘হায়ালোক্লাস্টাইট’ নামক এক ধরনের আগ্নেয় শিলার টুকরো দিয়ে তৈরি। উত্তপ্ত ম্যাগমা যখন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে আসে, তখন তা ফেটে গিয়ে এই ধরনের পাথরের সৃষ্টি হয়। এই শিলাস্তরগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভেঙে যাওয়ায় তা দেখতে অনেকটা মানুষের তৈরি রাস্তার মতো মনে হয়।
পাথরটির এই উজ্জ্বল হলুদ রঙের পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। গবেষকদের মতে, আগ্নেয় কাঁচের নিম্ন-তাপমাত্রার হাইড্রোথার্মাল পরিবর্তনের ফলে এই রঙের সৃষ্টি হয়েছে। উত্তপ্ত তরল পদার্থের সংস্পর্শে পাথরের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ‘আয়রন অক্সিহাইড্রক্সাইড’ নামক যৌগের সৃষ্টি হয়। এই যৌগটির উপস্থিতির কারণেই পাথরের উপরিভাগে হলদেটে আভা দেখা যায়। অর্থাৎ, সমুদ্রের তলদেশের এই রহস্যময় পথটি আসলে আগ্নেয় প্রক্রিয়ায় তৈরি একটি প্রাকৃতিক শিলাস্তর মাত্র।