সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের মগড়ায় গোপুজো, গোহত্যা বন্ধে কড়া বার্তা
রাজ্যে গোহত্যা বন্ধের সরকারি নির্দেশিকার পর এবার হুগলির মগড়ায় সক্রিয় হলেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। মগড়া ইসলামপাড়ার মন্দিরতলার একটি গোশালায় তিনি বিশেষ গোপুজো সম্পন্ন করেন।
বিধায়ক স্বয়ং গরুর গায়ে উত্তরীয় পরিয়ে দেন, প্রদীপ ও ধূপ জ্বেলে বরণ করেন এবং ফল খাইয়ে পুজোয় অংশ নেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হয়।
এই ঘটনার পর বিধায়ক স্পষ্ট জানান, গোহত্যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এলাকায় কোথাও গোহত্যা হলে যেন কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিধায়ক হুঁশিয়ারি দেন, এরপর থেকে কোথাও গোহত্যার ঘটনা ঘটলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। তিনি দলের কর্মীদেরও এই বিষয়ে নজর রাখতে এবং দ্রুত প্রশাসনকে অবহিত করতে নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি, স্বরাজ ঘোষ গোশালা তৈরির ক্ষেত্রে সরকারি আর্থিক সহায়তার বিষয়টিও উল্লেখ করেন। তিনি জানান, সরকারি নিয়ম মেনে যারা নতুন গোশালা তৈরি করবেন, তাদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারাও এই সরকারি সুবিধা পাবেন বলে তিনি আশ্বস্ত করেন। সনাতনী সংস্কৃতির কথা তুলে ধরে তিনি গোহত্যা বন্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।