হাড়োয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার যুবক
উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায় এক গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক গোলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী গৃহবধূ জানিয়েছেন যে অভিযুক্ত গোলাম মোল্লা প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁকে তাঁর স্বামীর কাছ থেকে আলাদা হতে বাধ্য করেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে সহবাস করেন তিনি। অভিযোগ, পরবর্তীতে ওই মহিলা বিয়ের কথা বললে অভিযুক্ত বেঁকে বসেন। শুধু তাই নয়, ওই গৃহবধূকে মারধর করা হয় এবং ঘরের মধ্যে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা গৃহবধূ শেষ পর্যন্ত হাড়োয়া থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত গোলাম মোল্লাকে গ্রেপ্তার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।