বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য সুখবর: বকেয়া কর ও অতিরিক্ত ফিতে বিশেষ ছাড়ের ঘোষণা পরিবহণ দফতরের

রাজ্যের বাণিজ্যিক যানবাহনের মালিকদের জন্য একটি বিশেষ ছাড়ের প্রকল্প ঘোষণা করেছে পরিবহণ দফতর। ‘ওয়ান টাইম ওয়েভার স্কিম ২০২৬-২৭’ নামে পরিচিত এই প্রকল্পের মাধ্যমে গাড়ির মালিকরা বকেয়া কর এবং অতিরিক্ত ফিতে ছাড়ের সুবিধা পাবেন।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ করলে ধার্য জরিমানার সম্পূর্ণ ১০০ শতাংশ মকুব করা হবে। একইসঙ্গে, সময়মতো ফিটনেস সার্টিফিকেট (সিএফ) পুনর্নবীকরণ না করার কারণে যে অতিরিক্ত ফি ধার্য করা হয়, তাতেও আংশিক ছাড়ের ঘোষণা করা হয়েছে।

পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যের বহু বাণিজ্যিক গাড়ির মালিক দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স জমা দেননি অথবা তাঁদের গাড়ির বৈধ সিএফ নেই। অর্থাভাবে কর পরিশোধ করতে না পেরে অনেক মালিকই তাঁদের গাড়ি চালানো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এই নতুন প্রকল্পের মাধ্যমে সেইসব মালিকরা বাড়তি জরিমানার বোঝা থেকে মুক্তি পাবেন।

গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কর ও ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণে মালিকদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স জমা না পড়ায় রাজ্য সরকারের রাজকোষে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া পড়ে ছিল, যা প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজে সমস্যা সৃষ্টি করছিল। এই বিশেষ ছাড়ের ফলে একদিকে যেমন বকেয়া রাজস্ব আদায়ের পথ সুগম হবে, তেমনই বাণিজ্যিক গাড়ির মালিকরাও বিশেষভাবে উপকৃত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক যানবাহনের মালিকরা বকেয়া কর পরিশোধ ও সিএফ নবীকরণের আবেদন করলে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *