কুলতলিতে বাংলাদেশি সন্দেহে আটক এনামুল মোল্লা, তদন্ত শুরু
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে এনামুল মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কুলতলি থানার পুলিশ গোপালগঞ্জ এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মোট পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। নথিপত্র যাচাইয়ের পর এনামুলকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তির আদি বাড়ি বাংলাদেশের খুলনায়। স্থানীয় সূত্রে খবর, এনামুল বেশ কয়েক বছর আগে বসিরহাট থেকে কুলতলিতে এসে বসবাস শুরু করেন। সেখানেই তিনি বিয়ে করে স্থায়ীভাবে সংসার পেতেছেন এবং বর্তমানে তাঁর তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তিনি টোটো চালিয়ে সংসার চালাতেন।
দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করলেও তাঁর নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। আটক এনামুলের দাবি, ৪০ বছরেরও বেশি সময় আগে আট বছর বয়সে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। প্রথমে বসিরহাটের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তাঁর দাবি অনুযায়ী, ভারতে আসার পর ভোটার তালিকায় তাঁর নামও উঠেছিল। তবে দীর্ঘদিনের বসবাস বা ভোটার তালিকায় নাম থাকলেই নাগরিকত্ব নিশ্চিত হয় না। তাই তিনি কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁর কাছে বর্তমানে কী কী বৈধ নথি রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।