আম্বানিকে হারিয়ে আবারও এশিয়ান কিং আদানি, সম্পদের পরিমাণ কত জানেন কি?
শেয়ার বাজারে আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের বড় উত্থানে আবারও এশিয়ার শীর্ষ ধনকুবেরের খেতাব ফিরে পেলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, একদিনে তাঁর ব্যক্তিগত সম্পদ ৩.৫৬ বিলিয়ন ডলার বেড়ে ৯২.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিকে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত গৌতম আদানির সম্পদ বেড়েছে প্রায় ৮.১ বিলিয়ন ডলার। বর্তমানে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১৯তম স্থানে অবস্থান করছেন।
বিপরীতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দরে অস্থিরতার কারণে মুকেশ আম্বানির সম্পদ এ বছর ১৬.৯ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। ৯০.৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিনি এখন এই তালিকার ২০তম স্থানে রয়েছেন। এদিকে বৈশ্বিক প্রেক্ষাপটে শীর্ষ ২০ ধনকুবেরের মধ্যে সাতজনেরই সম্পদ এ বছর উল্লেখযোগ্য হারে কমেছে, যার মধ্যে বার্নার্ড আর্নল্ট হারিয়েছেন ৪৪ বিলিয়ন ডলার। তবে সব প্রতিকূলতা ছাপিয়ে ৬৫৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক।