সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের মগড়ায় গোপুজো, গোহত্যা বন্ধে কড়া বার্তা
রাজ্য সরকারের গোহত্যা বন্ধের বার্তার পর এবার হুগলির মগড়ায় সক্রিয় হলেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। মগড়া ইসলামপাড়ার মন্দিরতলার একটি গোশালায় তিনি গোপুজো সম্পন্ন করেন।
বিধায়ক স্বরাজ ঘোষ নিজে গরুর গায়ে উত্তরীয় পরিয়ে, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে বরণ করেন এবং ফল খাইয়ে পুজোয় অংশ নেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।
পূজা শেষে বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, গোহত্যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এলাকায় কোথাও গোহত্যা হলে যেন কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিধায়ক হুঁশিয়ারি দেন, এরপর থেকে কোথাও গোহত্যার ঘটনা ঘটলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। দলের কর্মীদেরও তিনি এই বিষয়টি নজরে রেখে প্রশাসনকে দ্রুত অবহিত করতে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও, গোশালা তৈরির ক্ষেত্রে সরকারি আর্থিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন স্বরাজ ঘোষ। তিনি জানান, সরকারি নিয়ম মেনে যারা নতুন গোশালা তৈরি করবেন, তাদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারাও এই সরকারি সুবিধা পাবেন বলে তিনি আশ্বস্ত করেন। সনাতনী সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি গোহত্যা বন্ধে নিজের অবস্থানে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।