আবাস যোজনার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ, বাড়ি না হওয়ায় বৃদ্ধাকে নোটিশ পাঠাল প্রশাসন
ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মদিনা বিবি মোল্লা নামে এক বৃদ্ধা অভিযোগ করেছেন যে, সরকারি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার পরেই স্থানীয় তৃণমূল নেতা বুলা শেখ তাঁর বাড়িতে দলবল নিয়ে চড়াও হন।
বৃদ্ধার দাবি, ওই টাকা তুলে তাঁদের হাতে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয় এবং টাকা না দিলে তাঁকে এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভয় পেয়ে বৃদ্ধা ব্যাংক থেকে টাকা তুলে অভিযুক্তদের হাতে দিতে বাধ্য হন বলে অভিযোগ। ভিক্ষা করে দিন কাটানো এই বৃদ্ধা এখন চরম বিপদে পড়েছেন।
এদিকে, বাড়ি তৈরি না হওয়ায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাঁকে একটি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি না করলে বরাদ্দ টাকা ফেরত দিতে হবে। যে টাকা তিনি নিজের কাজে খরচ করেননি, সেই টাকা কীভাবে ফেরত দেবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মদিনা বিবি। তিনি প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু অভিযুক্তরা এখনও এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।
মদিনা বিবির আত্মীয় মঞ্জিরা বিবি জানিয়েছেন, বিধবা হিসেবে আবাস যোজনার তালিকায় নাম আসার পর সরকারি নিয়ম মেনেই টাকা ঢুকেছিল। কিন্তু অভিযুক্ত নেতা ভুল করে টাকা ঢোকার অজুহাত দেখিয়ে সেই টাকা হাতিয়ে নিয়েছেন।
ডায়মন্ড হারবার ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি উত্তম বাগের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও তোলাবাজি ও মারধরের ঘটনা ঘটেছে। তিনি দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের বিডিও তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন, বৃদ্ধার কাছ থেকে একটি লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত তৃণমূল নেতা বুলা শেখের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসী এখন প্রশাসনিক তদন্তের দিকে তাকিয়ে আছেন, প্রকৃত সত্য কী উঠে আসে তা জানার জন্য।