শিক্ষকতার টানে পুরনো কর্মস্থলে ফিরলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, নিলেন ক্লাসও
রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বৃহস্পতিবার হঠাৎই বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে হাজির হন। এটি তাঁর পুরনো কর্মস্থল, যেখানে মন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করেছেন।
প্রশাসনিক কাজে পূর্ব বর্ধমান সফরে গিয়ে ব্যস্ততার মাঝেও মন্ত্রী সময় বের করে তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যান। স্কুলে পৌঁছেই তিনি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়ুয়াদের বাংলা পড়ান। শিক্ষক হিসেবে পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তিনি পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে কাছে পেয়ে অত্যন্ত খুশি হয়। বাঁকুড়ার বাসিন্দা ক্ষুদিরাম টুডু শিক্ষকতার সূত্রে দীর্ঘদিন বর্ধমান শহরে বসবাস করেছেন। বর্তমানে মন্ত্রী হিসেবে রাজ্যের নানা দায়িত্ব সামলালেও শিক্ষকতার প্রতি তাঁর টান আজও অটুট। স্কুল থেকে ফেরার সময় তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে বলেন, সুযোগ পেলেই তিনি আবার সময় বের করে প্রিয় এই বিদ্যালয়ে ফিরে আসবেন।