মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়? নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ
মশা কেন নির্দিষ্ট কিছু মানুষকে বেশি কামড়ায়, এই প্রশ্নটি নিয়ে দীর্ঘকাল ধরে গবেষণা চলছে। বিজ্ঞানীরা বলছেন, মশা নির্বিচারে কাউকে কামড়ায় না, বরং শিকার বেছে নেওয়ার ক্ষেত্রে তারা বিশেষ কিছু জৈবিক ও রাসায়নিক সংকেতের ওপর নির্ভর করে।
গবেষণায় দেখা গিয়েছে, রক্তের গ্রুপ মশার আকর্ষণের অন্যতম প্রধান কারণ। ‘জার্নাল অফ মেডিক্যাল এনটোমোলজি’-র তথ্য অনুযায়ী, ‘এ’ গ্রুপের তুলনায় ‘ও’ গ্রুপের রক্তের মানুষদের প্রতি এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা বেশি আকৃষ্ট হয়। এছাড়াও, শরীরের ঘাম ও লালার মাধ্যমে নিঃসৃত বিশেষ অ্যান্টিজেন বা ‘সিক্রেটর’ বৈশিষ্ট্যও মশার কাছে মানুষকে আকর্ষণীয় করে তোলে। ত্বকের ব্যাকটেরিয়া বা ‘স্কিন মাইক্রোবায়োম’ মশার কামড়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য কম থাকলে মশা সেই গন্ধে দ্রুত আকৃষ্ট হয়। জিনগত বৈশিষ্ট্য এবং ত্বকের ব্যাকটেরিয়ার গঠনের মিলের কারণেই অনেক সময় একই পরিবারের সদস্যদের মশা বেশি কামড়ায়।
দৈনন্দিন অভ্যাস ও শারীরিক অবস্থার প্রভাবও এক্ষেত্রে অনস্বীকার্য। গবেষণায় দেখা গিয়েছে, বিয়ার পান করলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ঘামের সঙ্গে ইথানল নির্গত হয়, যা মশাকে প্রবলভাবে টানে। একইভাবে, অন্তঃসত্ত্বা নারীদের শরীরের তাপমাত্রা বেশি থাকা এবং নিঃশ্বাসের সঙ্গে অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়ার কারণে মশার উপদ্রব তাদের ক্ষেত্রে দ্বিগুণ হতে পারে।
মশা শিকার চিহ্নিত করতে দৃষ্টিশক্তিকেও কাজে লাগায়। কালো, গাঢ় নীল কিংবা লাল রঙের পোশাক পরা মানুষদের মশা খুব সহজেই আলাদা করতে পারে। তাই মশার কামড় থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরা বুদ্ধিমানের কাজ হতে পারে। মূলত রক্তের গ্রুপ, ত্বকের ব্যাকটেরিয়া, শারীরিক তাপমাত্রা, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এবং পোশাকের রঙের মতো একাধিক বিষয়ের ওপর ভিত্তি করেই মশা তার শিকার নির্ধারণ করে থাকে।