বেলুড় থেকে দক্ষিণেশ্বর এবার রোপওয়েতে, রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র-রাজ্য বৈঠক

নবান্নে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ির বৈঠকে রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগামী তিন বছরে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে একাধিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে জাতীয় সড়কের মান বজায় রেখে রাস্তা নির্মাণ, সংস্কার এবং প্রয়োজনে সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল গঙ্গার ওপর দিয়ে বেলুড় ও দক্ষিণেশ্বরের মধ্যে রোপওয়ে প্রকল্প। বর্তমানে লঞ্চে এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে, তবে সড়কপথে যানজটের কারণে যাতায়াতে অনেক বেশি সময় ব্যয় হয়। রোপওয়ে চালু হলে পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত অত্যন্ত সহজ হবে।

তবে এই প্রকল্পের ব্যয় ও কারিগরি বিষয়গুলি ডিপিআর তৈরির পরেই চূড়ান্ত করা হবে। পাশাপাশি, দার্জিলিং ও কার্শিয়াংয়ের মধ্যে রোপওয়ে চালুর বিষয়েও আলোচনা হয়েছে, যা পাহাড়ি এলাকার পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় বিকল্প পথ খুলে দেবে। যানজটের চাপ কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রাখতে প্রতি মাসে মুখ্যসচিব ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টরের মধ্যে পর্যালোচনা বৈঠক হবে। এছাড়া প্রতি ছয় মাস অন্তর কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *