প্রেসিডেন্সি সংশোধনাগারে মধ্যমগ্রামের বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রেসিডেন্সি সংশোধনাগারের ভেতর থেকে মহম্মদ আলি (৪৪) নামে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত মহম্মদ আলি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরেই তিনি সংশোধনাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার নিয়মমাফিক বন্দিদের গণনা করার সময় তাঁর খোঁজ না মেলায় কর্তৃপক্ষ তল্লাশি শুরু করে। পরে সংশোধনাগারের ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের একটি সংকীর্ণ গলি থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির মাথার পিছনে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মহম্মদ আলির বিরুদ্ধে এন্টালি ও শিয়ালদহ জিআরপিতে মাদক পাচারসহ একাধিক মামলা বিচারাধীন ছিল। এই ঘটনার তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। একইসঙ্গে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। বন্দির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অন্য কোনো বন্দির সঙ্গে তাঁর কোনো সংঘর্ষ হয়েছিল কি না। সংশোধনাগার কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পরীক্ষা করছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *