বারাসাত বার্তা: ২৬ নভেম্বর কলকাতায় মিমির আইনি বিয়ে, ডিসেম্বরে কালিম্পংয়ে বসছে বিয়ের আসর

টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সন্ধ্যায় কলকাতার এক ঘরোয়া পরিবেশে তাঁর আইনি বিয়ে ও আশীর্বাদ পর্ব সম্পন্ন হবে। এই বিশেষ অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং মিমির কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যদিও অভিনেত্রী নিজে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবে তাঁর রেজিস্ট্রি ম্যারেজের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

কলকাতায় আইনি পর্ব শেষ করার পর আগামী মাসে পাহাড়ের কোলে সামাজিক বিয়ের মূল আয়োজন করা হয়েছে। টলিউড সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর মিমি ও সিদ্ধার্থ শহর ছাড়বেন। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে বিয়ের মূল অনুষ্ঠান চলবে। সেখানে সঙ্গীত, মেহেন্দি, মালাবদল ও সিঁদুরদানসহ যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা। উত্তরবঙ্গের মেয়ে মিমির বিয়ে নিয়ে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় তাঁর আত্মীয়স্বজনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের সাজপোশাক বা অন্যান্য খুঁটিনাটি নিয়ে হবু বর-কনে এখনও মুখ না খুললেও, কালিম্পংয়ের এই জমকালো অনুষ্ঠানে টলিউড ও সিনে জগতের ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাহাড়ের মনোরম পরিবেশে এই বিয়ের আয়োজন ঘিরে এখন থেকেই অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *