মুম্বই পুলিশের লুক আউট সার্কুলার: সিজেপি-র তিন নেতার বিদেশযাত্রায় অনিশ্চয়তা

মুম্বই পুলিশ কক্‌রোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে। এর আগে দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর ফলে দলের এই তিন শীর্ষ নেতার বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কার কারণেই অভিবাসন দপ্তরের মাধ্যমে এই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপি মুম্বইয়ের শিবাজি পার্কে ‘চলো মুম্বই’ কর্মসূচির ডাক দিয়েছিল। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ওই দিন সেখানে বহু মানুষ জমায়েত হয়েছিলেন।

এই ঘটনার পরদিন শিবাজি পার্ক থানায় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস-সহ ৪০০ জনেরও বেশি সমর্থকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের বিভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর সৌরভ দাসকে লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়। কেন্দ্র দিল্লি হাই কোর্টে জানিয়েছিল যে, মহারাষ্ট্র পুলিশের অনুরোধেই তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *