জার্মানির গেলজেনকির্শেনে পার্কে একা বসে কান্নার ‘অপরাধে’ তরুণীর জরিমানা

জার্মানির গেলজেনকির্শেন শহরে এক তরুণীকে পার্কে একা বসে থাকার কারণে ২৫ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৫৪০ টাকা, জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৫ অক্টোবর। হানা নামের ওই তরুণী মানসিক অবসাদের জেরে কিছুটা সময় একা কাটানোর জন্য একটি শিশুদের খেলার পার্কে গিয়ে বেঞ্চে বসেছিলেন। সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

সেই সময় পুরসভার তিন আধিকারিক তাঁর কাছে এসে জানতে চান, পার্কে থাকা শিশুরা তাঁর সন্তান কি না। হানা তাঁদের জানান, শিশুরা তাঁর পরিচিত নয়। এর পরেই তাঁকে জরিমানা করা হয়। গেলজেনকির্শেন পুরসভার নিয়ম অনুযায়ী, শিশুদের খেলার পার্ক মূলত ১৪ বছর বা তার কম বয়সিদের জন্য নির্দিষ্ট। কোনো শিশু সঙ্গে না থাকলে প্রাপ্তবয়স্কদের সেখানে প্রবেশ বা বেঞ্চে বসার অনুমতি নেই। অভিভাবক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সঙ্গে না থাকলেও পার্ক ব্যবহারের নিয়ম নেই।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হানা জানিয়েছেন, তাঁকে সাহায্য করার পরিবর্তে নিয়ম ভাঙার দায়ে জরিমানা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। পুরসভার দাবি, শিশুদের খেলার জায়গা শুধুমাত্র শিশুদের জন্যই সংরক্ষিত। অননুমোদিত প্রবেশ নিয়ন্ত্রণ এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সাইমন নওয়াক জানিয়েছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। বর্তমানে এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানার অঙ্ক আরও বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ভবিষ্যতে এই জরিমানা ৫৫ ইউরো থেকে বাড়িয়ে ৬০ ইউরো করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *