লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধির পথে কেন্দ্র, ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে এই কাঠামো
কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ডিলিমিটেশন বিলের সংশোধনীতে অনুমোদন দিয়েছে, যার ফলে লোকসভার মোট আসন সংখ্যা বেড়ে ৮৫০-এ পৌঁছাতে পারে। নতুন এই প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ হারে আসন বৃদ্ধি করা হবে। এই কাঠামো আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জনগণনার সঙ্গে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সরাসরি যোগসূত্র ছিন্ন হতে চলেছে।
সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টি এই আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত থাকায়, সরকার আগামী ৩০ নভেম্বর সংসদের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনে সংশোধিত বিলটি পেশ করতে চলেছে। এর আগে গত এপ্রিল মাসে সংবিধান (১৩১তম সংশোধনী) বিল পেশ করা হলেও বিরোধীদের আপত্তিতে তা পাস হয়নি। সেই সময় জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের শর্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
দক্ষিণ ভারতের রাজ্যগুলির দীর্ঘদিনের আশঙ্কা ছিল যে, জনসংখ্যা বৃদ্ধির হারের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমানুপাতিক হারে ৫০ শতাংশ আসন বৃদ্ধির নতুন এই প্রস্তাবে সেই উদ্বেগ অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে শেষবার লোকসভার আসন সংখ্যা পরিবর্তন করে ৫৪৩ করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া স্থগিত ছিল।