গ্রো প্ল্যাটফর্মে মিউচুয়াল ফান্ডের ১২.৭ লক্ষ টাকা উধাও: বিনিয়োগকারীকে টাকা ফেরতের নির্দেশ কমিশনের

বেঙ্গালুরুর এক তরুণী বিনিয়োগ প্ল্যাটফর্ম ‘গ্রো’-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বড়সড় আর্থিক জালিয়াতির অভিযোগ তুলেছেন। রঞ্জনা প্রিয়া নামের ওই বিনিয়োগকারী দাবি করেছেন, তাঁর পোর্টফোলিওতে ১২ লক্ষ ৭০ হাজার টাকা থাকলেও, টাকা তোলার সময় তা কমে মাত্র ৮৪ হাজার ৫০৪ টাকায় নেমে আসে। এই বিপুল পরিমাণ অর্থ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তিনি প্রথমে সংস্থার কাস্টমার কেয়ার ও পরে সেবি-র দ্বারস্থ হন, কিন্তু কোনো সুরাহা মেলেনি।

অবশেষে বিষয়টি নিয়ে বেঙ্গালুরু জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বারস্থ হন ওই তরুণী। কমিশনের রায়ে বিনিয়োগ প্ল্যাটফর্ম ও তাদের সহযোগী সংস্থাকে ৬ শতাংশ বার্ষিক সুদসহ ১১ লক্ষ ৮৫ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, গ্রাহককে হয়রানি ও পরিষেবা প্রদানে ব্যর্থতার জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

মামলার শুনানিতে সংস্থাগুলি নির্ধারিত সময়ে লিখিত জবাব দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগকারীর ডিজিটাল নথিকেই প্রমাণ হিসেবে গ্রহণ করে কমিশন। অন্যদিকে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগ সংস্থা। তাদের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে পোর্টফোলিওতে ভুল হিসাব দেখাচ্ছিল। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, গ্রাহক আগেই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ইউনিট ভাঙিয়ে টাকা তুলে নিয়েছিলেন, কিন্তু অ্যাপের ত্রুটির কারণে তা বিনিয়োগ হিসেবেই প্রদর্শিত হচ্ছিল। পরে সেই ভুল সংশোধন করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *