হাবড়ার অঙ্কন আইচের ব্যাটে সিএবি লিগে এক ওভারে ৬ ছক্কা, ২৩৬ রানের বিধ্বংসী ইনিংস
সিএবি দ্বিতীয় ডিভিশন লিগে কাস্টমস মাঠে এক অসাধারণ ইনিংস উপহার দিলেন হাবড়ার বছর কুড়ির তরুণ ক্রিকেটার অঙ্কন আইচ। ম্যাচে তিনি ২৩৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পথে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন। তাঁর এই ইনিংসে মোট ১৩টি চার ও ২৫টি ছক্কা ছিল।
অঙ্কন জানিয়েছেন, তাঁর এই সাফল্যের নেপথ্যে সঙ্গী আয়াজ উদ্দিন সিদ্দিকের সঙ্গে গড়া ২০৪ রানের পার্টনারশিপ বড় ভূমিকা পালন করেছে। বর্তমানে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফিলোজফি অনার্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। পড়াশোনা ও ক্রিকেট একসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য তিনি নিয়মিত পরিশ্রম করেন।
প্রতিদিন জিম ও ডায়েট মেনে চলার পাশাপাশি পরিবারের সমর্থন এবং কার্তিক, শিলাদিত্য মজুমদার, আব্দুল, মনীশ, সৈকত ও বিজয় স্যারের মতো কোচেদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছেন এই তরুণ। এক ওভারে ৩৭ রান করার কৃতিত্ব অর্জন করলেও অঙ্কন এখনই নিজেকে বড় মাপের ক্রিকেটারদের সারিতে বসাতে নারাজ। তিনি ধাপে ধাপে এগিয়ে যেতে চান। আগামী বছর ফার্স্ট ডিভিশন লিগে খেলা এবং ভবিষ্যতে রঞ্জি ট্রফি ও ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাই তাঁর লক্ষ্য। বিরাট কোহলির অনুরাগী অঙ্কন লেগ স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহল ও শেন ওয়ার্নকে নিজের আদর্শ মনে করেন। নিজের প্রতিভার মাধ্যমে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।