গাজায় ইজরায়েলি হামলায় ১০ জনের মৃত্যু, নিহতদের মধ্যে শিক্ষা অধিকর্তা ও তাঁর স্ত্রী

গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় আরও ১০ জন প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার একটি শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনায় গাজা স্বশাসিত পরিষদের সহকারী শিক্ষা অধিকর্তা খালেদ আবু নাদা এবং তাঁর স্ত্রী প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, শরণার্থী শিবিরে তাঁদের অস্থায়ী বাসস্থান লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় ইজরায়েলি সেনা ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ওই সময় থেকে এখন পর্যন্ত ১,৪০০ জনেরও বেশি প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। ত্রাণ ও পুনর্বাসনের কাজে যুক্ত শতাধিক সংগঠনের অভিযোগ, যুদ্ধবিরতির চুক্তি শুধুমাত্র খাতায়-কলমেই সীমাবদ্ধ রয়েছে। গাজায় বর্তমানে মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। প্রায় ২০ লক্ষ মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন এবং ১৪ লক্ষ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে পড়েছেন। চিকিৎসা পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়ায় গাজার সমস্ত হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ সত্ত্বেও ইজরায়েলি সরকার এই হামলা অব্যাহত রেখেছে বলে বিভিন্ন রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *