টাকা দিলেই কলেজের আসন পাওয়ার দিন শেষ, ভর্তিতে এবার সম্পূর্ণ স্বচ্ছতা আনছে কেন্দ্রীয় পোর্টাল

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত এবং আরও সহজ করতে এক বড় পদক্ষেপ গ্রহণ করল উচ্চশিক্ষা দপ্তর। এবার থেকে আর কলেজে ফর্ম তোলা বা ভর্তির জন্য লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরানোর প্রয়োজন হবে না, করতে হবে না এক কলেজ থেকে অন্য কলেজে ছোটোছুটিও। পূর্ববর্তী তৃণমূল জমানায় কলেজের আসন বিক্রি এবং টাকার বিনিময়ে অযোগ্যদের ভর্তির যে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল, তার অবসান ঘটিয়ে এবার সম্পূর্ণ কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১৮ মে, সোমবার থেকেই এই নতুন পোর্টাল চালু হতে চলেছে, যেখানে আগামী ১ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সচল থাকবে।

৪৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘরে বসেই আবেদন

নতুন এই ব্যবস্থার অধীনে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ঘরে বসেই রাজ্যের ৪৬০টি সরকারি এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য শিক্ষার্থীদের https://banglaruchchashiksha.wb.gov.in অথবা https://wbsche.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন’ বিকল্পে ক্লিক করতে হবে। একজন পড়ুয়া একটি বা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি বিষয়ের জন্য আবেদন করার সুযোগ পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আবেদনের জন্য কোনো প্রকার ফি বা আবেদনমূল্য লাগবে না এবং ভর্তির যাবতীয় টাকাও এই পোর্টালের মাধ্যমেই জমা নেওয়া হবে।

কারণ এবং ভবিষ্যৎ প্রভাব

শিক্ষা মহলের মতে, অতীতে কলেজ স্তরে ইউনিয়নের দাদাগিরি, দালাল চক্রের উপদ্রব এবং ‘ঘুষ’ নিয়ে মেধাবীদের বঞ্চিত করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা রুখতেই এই কড়া ও স্বচ্ছ পদক্ষেপ। এই প্রক্রিয়ার ফলে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা কোনো হয়রানি ছাড়াই নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ পাবেন। সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার কারণে তথ্য গোপন বা কারচুপির সুযোগ আর থাকবে না, যা ছাত্র-ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘদিনের অনিয়ম দূর করে শিক্ষাক্ষেত্রে নতুন স্বচ্ছতা ফিরিয়ে আনবে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ জুন পোর্টালের মাধ্যমেই কলেজ এবং বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১৫ জুনের মধ্যে আসনসংখ্যার ভিত্তিতে মূল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন ভর্তি হওয়া পড়ুয়াদের নথিপত্র যাচাইয়ের জন্য আগামী ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট কলেজে উপস্থিত হতে হবে এবং আগামী ৬ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়ে যাবে। ভর্তির যাবতীয় আপডেট শিক্ষার্থীদের এসএমএস এবং ই-মেলের মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *