এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, ধর্নামঞ্চ ভাঙার অভিযোগ পড়ুয়াদের
শনিবার ভোরে এসআরএফটিআই ক্যাম্পাসে তিনশোর বেশি পুলিশকর্মী প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে।
পড়ুয়াদের দাবি, সকাল ছ'টা নাগাদ মুখ ঢাকা পুলিশকর্মীরা ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী দু'টি পিক-আপ ভ্যানে করে বাইরে নিয়ে যান। এই সামগ্রীগুলি ক্যাম্পাসের সম্পত্তি হওয়া সত্ত্বেও তা সরিয়ে ফেলায় পড়ুয়ারা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং একাধিক পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো রেকর্ড করার সময় পড়ুয়াদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। পড়ুয়াদের দাবি, কোনও প্ররোচনা ছাড়াই এই অভিযান চালানো হয়েছে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত ক্যাম্পাসে বিপুল পুলিশ মোতায়েন ছিল।
পড়ুয়াদের হস্টেল থেকে গেটের দিকে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসের বাইরে বেরোনোর ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশের উপস্থিতির কারণে পড়ুয়াদের নিজেদের মধ্যে যোগাযোগ করতেও সমস্যা হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে চলা অচলাবস্থার জেরে কর্তৃপক্ষ ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রেখেছেন। এই নতুন ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।