নারীদের জন্য নতুন দিগন্ত খুলেছিল ‘বামাবোধিনী’ পত্রিকা: ১৮৬৩ সালে পথচলা শুরু
উনিশ শতকের রক্ষণশীল বঙ্গ সমাজে নারীশিক্ষার প্রসার এবং তাদের মানসিক উন্নতির লক্ষ্যে ১৮৬৩ সালের অগস্ট মাসে ‘বামাবোধিনী’ পত্রিকা প্রকাশিত হয়। সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় এই মাসিক পত্রিকাটি তৎকালীন পর্দানশিন নারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল নারীদের কুসংস্কারমুক্ত করা এবং তাদের গৃহস্থালির বাইরেও জ্ঞানচর্চার সুযোগ করে দেওয়া। শুরুর দিকে এক হাজার কপি ছাপা হলেও মাত্র চার দিনের মধ্যেই তা নিঃশেষ হয়ে যায়, যা তৎকালীন সমাজে পত্রিকাটির বিপুল জনপ্রিয়তার প্রমাণ দেয়। পত্রিকাটিতে ধর্ম, ইতিহাস, বিজ্ঞান এবং পারিবারিক চিকিৎসার মতো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হতো। নারীদের উৎসাহিত করতে রাধারাণী দেবী, কাদম্বিনী বসু ও মানকুমারী বসুর মতো লেখিকারা এতে নিয়মিত লিখতেন।
তবে নারী স্বাধীনতার বার্তা অনেক রক্ষণশীল পুরুষ মেনে নিতে পারেননি। বিভ্রান্তি ছড়াতে অনেক পুরুষ লেখক ছদ্মনামে নারী-বিরোধী লেখা পাঠাতেন, যা পরে সম্পাদকরা শনাক্ত করেন। পরবর্তীকালে নারীদের লেখা যাচাই করেই প্রকাশের নিয়ম চালু করা হয়। আর্থিক সংকট এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পত্রিকাটি দীর্ঘ ৬০ বছর টিকে ছিল।
১৮৮৮ সালে পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে নারীদের জন্য বিভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কেশবচন্দ্র সেনের সঙ্গে মতপার্থক্যের জেরে এক বছর পত্রিকাটি বন্ধ থাকলেও উমেশচন্দ্র দত্তের প্রচেষ্টায় তা পুনরায় চালু হয়। ১৯০৭ সালে উমেশচন্দ্রের মৃত্যুর পর বিভিন্ন সম্পাদকের হাত ঘুরে ১৯২৩ সালে ‘বামাবোধিনী’র প্রকাশনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। রক্ষণশীল সমাজে নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠা এই পত্রিকা আজও ইতিহাসের পাতায় এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত।