ফ্লোরিডাগামী ক্রুজ জাহাজে নোরোভাইরাসের প্রাদুর্ভাব: অসুস্থ ২৬৮ জন যাত্রী ও কর্মী
ফ্লোরিডাগামী ক্যারিবিয়ান প্রিন্সেস ক্রুজ জাহাজে নোরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ১২ দিনের সমুদ্রযাত্রা শেষে ২৩ নভেম্বর ফোর্ট লডারডেলে ফিরে আসার পর মোট ২৬৮ জন যাত্রী ও কর্মী অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
আক্রান্তদের মধ্যে ২৩৩ জন যাত্রী এবং ৩৫ জন ক্রু সদস্য রয়েছেন। জাহাজটিতে মোট ২,৯৩৬ জন যাত্রী এবং ১,১৩২ জন ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে যাত্রীদের ক্ষেত্রে আক্রান্তের হার ৭.৯ শতাংশ এবং ক্রু সদস্যদের ক্ষেত্রে ৩.১ শতাংশ। গত ১৫ নভেম্বর সিডিসির ভেসেল স্যানিটেশন প্রোগ্রামে প্রথম এই অসুস্থতার বিষয়টি রিপোর্ট করা হয়। এরপরই নোরোভাইরাসকে এই সংক্রমণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিন্সেস ক্রুজ কর্তৃপক্ষ জাহাজে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া জোরদার করেছে। অসুস্থদের থেকে মলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সংক্রমণের বিস্তার রোধে আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছিল। সিডিসি আরও জানিয়েছে যে, এই ২৬৮টি ঘটনা ১১ থেকে ২৩ নভেম্বরের পুরো সমুদ্রযাত্রার সময়ের এবং আক্রান্তরা সবাই একই সময়ে অসুস্থ হননি।
সিডিসি-র মতে, নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস যা সরাসরি সংস্পর্শ, দূষিত খাবার বা পানীয় এবং দূষিত পৃষ্ঠের মাধ্যমে ছড়ায়। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর ও মাথাব্যথা। সাধারণত এক্সপোজারের ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায়। যাত্রীদের ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং অসুস্থ বোধ করলে দ্রুত জাহাজের চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি এক থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে ডিহাইড্রেশনের ঝুঁকি এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।