কার্তিগাই দীপম বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুরুগনের নামে প্রধানমন্ত্রীর বার্তা

তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে কার্তিগাই দীপমের প্রদীপ প্রজ্বলন নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান মুরুগনের নামে একটি বার্তা দিয়েছেন। শুক্রবার তিনি তাঁর এক্স হ্যান্ডেলে তামিল, হিন্দি এবং ইংরেজি ভাষায় ‘ভেত্রিভেল মুরুগানুক্কু আরোগারা’ লেখেন, যার অর্থ ভগবান মুরুগনের জয়। তবে, এই পোস্টে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ বা এই বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট মন্দির প্রশাসনের অনুমোদিত একটি দলকে দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু, ২৪ নভেম্বর নির্ধারিত স্থানে প্রদীপ না জ্বালিয়ে প্রথাগত উচিপ্পিল্লাইয়ার মণ্ডপমে অনুষ্ঠান হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শুক্রবার শীর্ষ আদালত জানায় যে, আগের নির্দেশ সত্ত্বেও প্রদীপ না জ্বালানো ইচ্ছাকৃত অবমাননা। আদালত তামিলনাড়ুর মুখ্যসচিব ও ডিজিপি-সহ মোট ১৫ জনকে আদালত অবমাননার নোটিস জারি করেছে এবং সরকারি আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে প্রদীপ জ্বালানোর স্থান নিয়ে হিন্দু সংগঠন ও রাজ্য সরকারের মধ্যে মতপার্থক্য। রাজ্য সরকার পাহাড়ের নিচের অংশে অনুষ্ঠান করার পক্ষে থাকলেও, হিন্দু সংগঠনগুলি পাহাড়ের উপরের দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর দাবি জানিয়ে আসছিল। শুক্রবারের নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, আগামী ২৮ নভেম্বর দীপথুন স্তম্ভেই প্রদীপ জ্বালাতে হবে। একইসঙ্গে আদালত মন্দিরের ট্রাস্টি বোর্ডের দায়িত্ব স্থগিত করে হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *