ইয়েমেনে সরকারি বাহিনীর পাল্টা অভিযানে ২৪ ঘণ্টায় ১২১ হুথি যোদ্ধা নিহত
ইয়েমেনে সরকারি বাহিনী সৌদি আরবের সহযোগিতায় হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে। ‘অপারেশন ডন অফ ইয়েমেন’ নামের এই অভিযানে গত ২৪ ঘণ্টায় হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মোট ৭২৬টি হামলা চালানো হয়েছে।
ইয়েমেন সেনার মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। অভিযানের বিস্তারিত তথ্যে জানানো হয়েছে যে, হুথি ঘাঁটিতে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এই সামরিক তৎপরতার ফলে হুথি বাহিনীর ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইজ়, মারিব, আল-জ়াওফ, লাহিজ, আল-দালি এবং শাবওয়া-সহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শুক্রবার রাতে তাইজ় প্রদেশের আল-তুরবা এলাকায় সৌদি সেনার বিমান হামলায় ১১ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। চলতি মাসের শুরুতে বাব আল-মান্দেব প্রণালীর তীরবর্তী অঞ্চল থেকে সৌদি ও ইয়েমেন সেনার যৌথবাহিনীকে হটিয়ে দিয়েছিল হুথিরা। সেই এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যেই এই পাল্টা অভিযান শুরু করেছে যৌথবাহিনী।