নিমতার বড়ফিঙায় SIR তথ্য সংগ্রহকালে বাংলাদেশি পরিবারের তিন সদস্য গ্রেফতার
উত্তর ২৪ পরগনার নিমতা থানার অন্তর্গত বড়ফিঙা এলাকায় এসআইআর (SIR) সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন লিয়াকত আলি মোল্লা, তাঁর স্ত্রী নার্গিস বিবি এবং তাঁদের ছেলে হুমায়ুন কবীর মোল্লা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই পরিবারটি প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। এসআইআর-এর তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর সময় ওই পরিবারের নথিপত্র খতিয়ে দেখা হয়। সেই সময় তাদের কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা এবং কোনো বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে প্রবেশ করে নিমতার একটি বাড়িতে ভাড়া থাকত।
প্রসঙ্গত, ট্রাইব্যুনালে বিচারাধীন ব্যক্তিদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বর্তমানে আইনি বিতর্ক চলছে। অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা নিয়ে সুপ্রিম কোর্টেও একটি মামলা দায়ের হয়েছে। শীর্ষ আদালতের পরামর্শ অনুযায়ী, এই বিষয়ে অভিযোগ প্রথমে হাইকোর্টে জানানো যেতে পারে। নিমতা থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।