আফগানিস্তানের কুনারে স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬, আহত ৯৭
আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদে একটি মিডল স্কুলের পাশে শনিবার সকাল ১০টা নাগাদ এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডিরেক্টর সামিউল হক জানিয়েছেন, প্রাদেশিক হাসপাতালের তথ্য অনুযায়ী মোট ৯৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, বাকিদের চিকিৎসা এখনও চলছে।
তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক অনুমান, স্কুলটির কাছে অবস্থিত একটি বাড়িতে খননকাজের জন্য মজুত রাখা ডিনামাইট থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। জানা গেছে, ওই বাড়িতে খননকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা থাকতেন এবং কুনার-নুরিস্তান মহাসড়কের পাথর সরানোর উদ্দেশ্যে বিস্ফোরকগুলো সেখানে রাখা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ এবং সংশ্লিষ্ট তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে খতিয়ে দেখছে।
উল্লেখ্য, আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এর আগেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২১ সালে কাবুলের দশত-ই-বারচি এলাকায় একটি বালিকা বিদ্যালয়ের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, গত আগস্ট মাসে কাবুলের একটি স্কুলে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে ৪০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়। তালিবান সরকারের শাসনামলে কাবুলের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ ও জনবহুল স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।