সিকিমে প্রবেশে নতুন ফি কাঠামো: বিস্তারিত জানাল স্বরাষ্ট্র দপ্তর
সিকিম স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি রাজ্যে প্রবেশের জন্য বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে নতুন প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি ধার্য করার নির্দেশিকা জারি করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, চার চাকা গাড়ি, মোটর বাইক, টেম্পো ট্র্যাভেলার এবং বাসসহ চেকপোস্ট অতিক্রমকারী সব ধরনের যানবাহনের ক্ষেত্রে প্রবেশ মূল্য প্রযোজ্য হবে। যানবাহনের আসনসংখ্যা এবং ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে প্রবেশ মূল্য ১,৫০০ টাকা এবং মঙ্গন ডিভিশনে ১,২০০ টাকা ধার্য করা হয়েছে। ছয় থেকে দশ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ংয়ে ২,৫০০ টাকা এবং মঙ্গনের জন্য ১,৫০০ টাকা দিতে হবে। এগারো থেকে পনেরো আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ংয়ের পারমিট ফি ৪,৫০০ টাকা এবং মঙ্গনের জন্য ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত মোটর বাইকের ক্ষেত্রে ৭৫০ টাকা এবং সহযাত্রী থাকলে অতিরিক্ত ৩৫০ টাকা ফি দিতে হবে।
তবে সিকিমের স্থায়ী বাসিন্দাদের এই নতুন নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। এর জন্য তাদের সিকিম সাবজেক্ট সার্টিফিকেট, সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ভোটার কার্ড প্রদর্শন করতে হবে। এছাড়া সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে চুক্তি অনুযায়ী চলাচলকারী বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনকেও কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। সাংলাং ও ফেদাং হয়ে জ়ংকু ভ্রমণের ক্ষেত্রে অনলাইনে পারমিট নিতে হলেও কোনো সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে।