স্যাপে বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত, ভারতেও প্রভাবের আশঙ্কা

এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাণকারী সংস্থা স্যাপ বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে। সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরাসরি ছাঁটাই, স্বেচ্ছাবসর এবং স্বাভাবিক অবসর গ্রহণের মাধ্যমে এই কর্মী সংখ্যা কমানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

মূলত প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগগুলি এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে ৭৮টি দেশে স্যাপের অফিস রয়েছে এবং মোট কর্মীর সংখ্যা এক লক্ষেরও বেশি। ভারতে বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, পুণে, হায়দরাবাদ, নয়াদিল্লি এবং কলকাতায় সংস্থার প্রায় ১৮,০০০ কর্মী কর্মরত। এই ছাঁটাইয়ের ফলে ভারতে প্রায় ১,০০০ জন কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মেলাতে এবং ব্যবসায়িক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই এই পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। উৎপাদনশীলতা বাড়াতে এবং এআই-নির্ভর পণ্য ও ক্লাউড পরিষেবায় বিনিয়োগের জন্য স্যাপ তাদের কর্মপদ্ধতিতে রদবদল আনছে। এর আগে ২০২৪ সালের শুরুতে বিজনেস এআই-তে জোর দিতে প্রায় ৮,০০০ পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। ছাঁটাইয়ের পাশাপাশি কিছু ক্ষেত্রে নতুন নিয়োগও অব্যাহত থাকবে এবং অনেক কর্মীকে নতুন পদে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *