বিয়ের রিসেপশনের মঞ্চে আয়ুষ চিকিৎসকের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া বিহারে
বিহারের পাটনার বাসিন্দা পবন কুমার যাদব নামে এক আয়ুষ চিকিৎসক বিয়ের পরদিন রিসেপশনের মঞ্চেই আকস্মিকভাবে মারা গেছেন। গত ২৫ নভেম্বর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২৬ নভেম্বর কনের গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বর ও কনেকে নিয়ে পবনের পরিবার নিজেদের বাড়িতে ফিরে আসেন এবং সন্ধ্যায় রিসেপশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ করছিলেন। অনুষ্ঠান যখন শেষের দিকে, তখন হঠাৎ মঞ্চেই জ্ঞান হারান পবন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ফালকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পূর্ণিয়ার একটি হাসপাতালে রেফার করা হলে, পথেই তাঁর মৃত্যু হয়।
এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে কনেও জ্ঞান হারান বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের গাজিপুরেও বিয়ের আসরে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেখানে মদ্যপ যুবকের হামলায় পাত্রের মৃত্যু হয়েছিল। বিহারের এই ঘটনায় পরিবার ও গ্রামবাসীরা শোকস্তব্ধ। বিয়ের উৎসবের আবহে এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।