সবংয়ে ১১২ নম্বরের অপব্যবহার: মিথ্যা অভিযোগ ও পুলিশকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ১

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের নওগাঁ অঞ্চলের বড়সাবড়া গ্রামে জরুরি পরিষেবা নম্বর ১১২-তে ফোন করে মিথ্যা অভিযোগ জানানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শ্যামল মাইতি।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামল এবং তার সঙ্গী প্রতাপ নায়েক পরপর দুদিন ধরে এই জরুরি নম্বরে ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। একইসঙ্গে তাঁরা পুলিশকর্মীদের সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তিও করছিলেন বলে অভিযোগ। জরুরি পরিষেবার নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশকর্মীরা দেখেন, ওই দুই যুবক মদ্যপ অবস্থায় রয়েছেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতাপ নায়েক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও শ্যামল মাইতিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ খড়গপুর আদালতে পেশ করা হয়েছে। পলাতক প্রতাপ নায়েকের খোঁজে তল্লাশি চালাচ্ছে সবং থানার পুলিশ। জরুরি পরিষেবা নম্বরকে এভাবে অপব্যবহার করার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের বিপদের সময় সাহায্যের জন্য তৈরি এই নম্বরকে মিথ্যা অভিযোগের হাতিয়ার করায় পুলিশের মূল্যবান সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে প্রকৃত বিপদে থাকা মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সবং থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *