মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭ জন
মায়ানমারের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল, সেই সময় হঠাৎ করেই সামরিক বিমানের বোমাবর্ষণে এলাকাটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে বিয়ের অনুষ্ঠানস্থল কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং ঘটনাস্থলে মৃতদেহ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, হামলার পর ঘটনাস্থলে ১৭টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও বহু মানুষ গুরুতর আহত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও এবং ছবিতে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করতে এবং মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। যদিও এই ছবি ও ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মো বাই এলাকাটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলগুলো বিরোধী সশস্ত্র গোষ্ঠীর প্রভাবাধীন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। অ্যাকলেড-এর পরিসংখ্যান অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত এক লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক হামলার বিষয়ে মায়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্তবর্তী এই এলাকায় প্রচুর বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন, যারা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।