বাংলার ঐতিহ্য সংরক্ষণে রাজ্য সরকার, কালিম্পংয়ের ঐতিহাসিক স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী
রাজ্য সরকার বাংলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সংরক্ষণের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের প্রত্নতত্ত্ব অধিকারের অধীনে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী যে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত বাংলার গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্য স্থির করেছেন, তা বাস্তবায়নে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরের অঙ্গ হিসেবে প্রতিমন্ত্রী কালিম্পংয়ের ডঃ গ্রাহামস হোমস প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেল পরিদর্শন করেন। এই ধর্মীয় স্থাপনাটির সংস্কার ও পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে সেখানে আলোচনা করা হয়। এছাড়াও, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গৌরীপুর হাউসও ঘুরে দেখেন তিনি। সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনটিকে কেন্দ্র করে রাজ্যে ঐতিহ্যভিত্তিক পর্যটন প্রসারের সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে।
পাশাপাশি, মংপুর রবীন্দ্র ভবন এবং ঐতিহাসিক সিনকোনা বাগানও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। কুইনাইন উৎপাদন ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই অঞ্চলের ঐতিহাসিক অবদান রয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলির যথাযথ সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে উজ্জ্বল করে তোলার অঙ্গীকার করা হয়েছে।