ডিম খেলে কি সত্যিই কোলেস্টেরল বাড়ে? কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডিমকে প্রোটিনের এক উৎকৃষ্ট উৎস হিসেবে গণ্য করা হয়। একটি বড় ডিমে প্রায় ৬ গ্রাম উচ্চমানের প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, যা একে ‘কমপ্লিট প্রোটিন’ হিসেবে পরিচিতি দিয়েছে। এছাড়াও, ভিটামিন বি১২, রাইবোফ্ল্যাভিন এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল ডিমে প্রচুর পরিমাণে থাকে, যা সামগ্রিক শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য।
তবে, ডিমের কুসুমে কোলেস্টেরল থাকার কারণে অনেকেই নিয়মিত ডিম খেতে ভয় পান। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত হলো, রক্তে কোলেস্টেরলের মাত্রা মূলত বংশগত কারণ, খাদ্যাভ্যাস, শরীরের ওজন এবং কায়িক শ্রমের ওপর নির্ভর করে। বেশিরভাগ সুস্থ মানুষের জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ বলেই মনে করা হয়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হয় না বা হৃদরোগের ঝুঁকিও বাড়ে না। বরং, খাবারে থাকা কোলেস্টেরলের চেয়ে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল বাড়াতে বেশি দায়ী।
ডিম রান্নার পদ্ধতিও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। মাখন, ঘি বা অতিরিক্ত নুন দিয়ে রান্নার বদলে সেদ্ধ ডিম, পোচ বা হালকা তেলে ভাজা ডিম খাওয়া বেশি স্বাস্থ্যকর। ডিমের সঙ্গে শাকসবজি, দানাশস্য ও ফাইবার জাতীয় খাবার যোগ করলে তা আরও সুষম ডায়েট হয়ে ওঠে। উল্লেখ্য, ডিমের সাদা অংশে কোলেস্টেরল থাকে না, আর কুসুমে থাকে ভিটামিন ডি ও কোলিন। প্রক্রিয়াজাত মাংস বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের বদলে ডিম ডায়েটে রাখলে তা পুষ্টিগুণ অনেকটাই বাড়িয়ে দেয়।