ডিমের প্যাকেটের মেয়াদ পেরোলেই কি ফেলে দেবেন? কী বলছেন বিশেষজ্ঞরা?
আমাদের দৈনন্দিন জীবনে ডিম একটি অপরিহার্য খাদ্যবস্তু। কিন্তু ডিমের প্যাকেটে যে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। এই তারিখ পেরিয়ে গেলেই কি ডিম ফেলে দেওয়া উচিত? বিশেষজ্ঞরা বলছেন, এই তারিখ মূলত পণ্যের সর্বোচ্চ সতেজতা এবং গুণমান বজায় রাখার নির্দেশিকা। এটি দোকানদারদের জন্য স্টক ব্যবস্থাপনার সুবিধার্তে নির্ধারণ করা হয়।
যদি ডিম সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করা হয়, তাহলে প্যাকেটে উল্লিখিত মেয়াদের পরেও তা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত খাওয়ার উপযোগী থাকতে পারে। তবে, সময়ের সঙ্গে ডিমের স্বাদ এবং গঠনে সামান্য পরিবর্তন আসা স্বাভাবিক।
মেয়াদ পেরিয়ে যাওয়া ডিম ব্যবহারের আগে অবশ্যই তা যাচাই করে নেওয়া প্রয়োজন। ডিম ভাঙার পর যদি তীব্র বা পচা গন্ধ বের হয়, তবে সেটি বর্জন করুন। এছাড়া, কুসুম বা সাদা অংশে অস্বাভাবিক রঙের পরিবর্তন, ছোপ বা খোসায় ফাটল থাকলে সেই ডিম খাওয়া উচিত নয়।
ডিম সতেজ কিনা তা পরীক্ষা করার একটি সহজ উপায় হলো জলে ভাসিয়ে দেখা। যদি ডিম জলের তলায় ডুবে যায়, তবে তা সতেজ। কিন্তু যদি ভেসে ওঠে, তবে সেটি পুরোনো হতে পারে। এক্ষেত্রে গন্ধ এবং চেহারাই ডিমের গুণমান বিচারের প্রধান মাপকাঠি। পুরোনো ডিম ব্যবহারের ক্ষেত্রে তা ভালোভাবে সেদ্ধ বা ভেজে নেওয়া জরুরি। কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া এড়িয়ে চললে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে।
বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ডিম না খাওয়াই শ্রেয়। ডিমের গুণমান নিয়ে সামান্যতম সন্দেহ থাকলেও তা ফেলে দেওয়াই স্বাস্থ্যের জন্য নিরাপদ বলে মনে করা হয়।