সীমান্তে উল্টোস্রোত, কড়াকড়ির জেরে ভারতীয় নথি ফেলে বাংলাদেশে ফিরছেন অনুপ্রবেশকারীরা!
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত চেকপোস্টে গত কয়েক দিন ধরে এক নজিরবিহীন দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও এর সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু ‘অনুপ্রবেশকারী’ পরিবার-পরিজন এবং তল্পিতল্পা গুটিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। স্থানীয় সূত্র ও সীমান্ত দিয়ে ফিরে যাওয়া মানুষদের একাংশের দাবি, প্রশাসনিক কড়াকড়ি এবং কেন্দ্রীয় এজেন্সির নজরদারির জেরেই এই উল্টোস্রোত শুরু হয়েছে।
নথি জালিয়াতি ও সরকারি সুবিধার অপব্যবহার
সীমান্তে অপেক্ষমাণ অনেকের সাথেই কথা বলে জানা গেছে, এ দেশে আসার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রভাবশালী মহলের মদতে এই জাল নথিপত্র তৈরি হতো বলে অভিযোগ। এই সমস্ত নথির ওপর ভিত্তি করে তাঁরা বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারি আর্থিক ও সামাজিক প্রকল্পের সুবিধাও ভোগ করে আসছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সর্বত্র পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি শুরু হওয়ায় তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
আতঙ্ক ও ভবিষ্যৎ অনিশ্চয়তা
ফিরে যাওয়া ব্যক্তিদের মতে, আগে কাজ বা বসবাসের ক্ষেত্রে নথিপত্র নিয়ে এতটা কড়াকড়ি ছিল না। কিন্তু সম্প্রতি বিভিন্ন এলাকায় সন্দেহভাজনদের কাগজ পরীক্ষা করার প্রক্রিয়া জোরদার হওয়ায় তাঁরা আইনি জটিলতার ভয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। দীর্ঘদিন ধরে এ দেশে রাজমিস্ত্রি, সাফাই কর্মী বা অন্যান্য পেশায় যুক্ত থাকা এই মানুষগুলো এখন নিজেদের বসতবাড়ি ও চেনা পরিবেশ ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছেন। সীমান্ত পার হওয়ার সময় তাঁদের দীর্ঘশ্বাস ও আক্ষেপই প্রমাণ করছে যে, পরিচয়পত্র জালিয়াতির চেনা পথটি এখন পুরোপুরি অবরুদ্ধ।