চোপড়ায় বিজেপি কর্মীদের ওপর ভয়াবহ হামলা, রণক্ষেত্র এলাকা!
উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার চোপড়া থানার অধীন দাসপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেসহ কয়েক জন স্থানীয় যুবককে পথ আটকে আক্রমণ করে। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ব্যবহারের পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ বিজেপির। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।