নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল হুমায়ুন কবীরের দল!
April 18, 2026
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে পড়েছে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন দল জেইউপি। মানিকচক কেন্দ্রের প্রার্থী ও দলের রাজ্য সহ-সভাপতি তহিদুল ইসলাম পদত্যাগ করেছেন এবং আসন্ন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজের পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির সাথে গোপন আঁতাঁত ও আদর্শগত বিচ্যুতি থাকার অভিযোগ তুলেছেন।
নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তহিদুল ইসলাম এক নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভোটারদের কাছে লিফলেট বিলি করে তাকে ভোট না দেওয়ার জন্য তিনি সশরীরে অনুরোধ জানাবেন। প্রার্থীর এই সিদ্ধান্ত মানিকচক এলাকায় দলের নির্বাচনী ভাবমূর্তি ও রাজনৈতিক সমীকরণের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।