সুরাটের কারখানায় মর্মান্তিক মৃত্যু, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল ৪ শ্রমিকের!
গুজরাটের সুরাটের অশ্বিনী কুমার এলাকার একটি কারখানায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্যাঙ্কে গয়না পরিষ্কারে ব্যবহৃত রাসায়নিক বর্জ্য জমা রাখা হতো। নিয়মিত পরিষ্কারের কাজ চললেও এবারের ঘটনায় শ্রমিকদের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চার শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সুরক্ষাবিধি পালনে চরম গাফিলতি করেছে। ট্যাঙ্কে নামার সময় শ্রমিকদের কাছে কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছিল না। এই ঘটনায় পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনার তদন্তে কারখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সুপারভাইজারের বয়ান রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।