পরিবেশ বাঁচাতে এবার অভিনব উদ্যোগ, আইসার আনছে নিজস্ব ‘গ্রিন এআই’!
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিয়ন্ত্রিত ব্যবহারের লক্ষ্যে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে আইসার (IISER) কলকাতা এবং গ্রিন এআই সার্ভিসেস। আলোচনাসভায় উপস্থিত গবেষক ও আইআইটি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই টুলগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি কমানোর পাশাপাশি পরিবেশের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলছে। এআই পরিচালনার জন্য ব্যবহৃত বড় ডেটা সেন্টারগুলোতে বিপুল বিদ্যুৎ ও জল খরচ হয়, যা পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে তুলছে।
সম্পদ অপচয় রোধে প্রথাগত বিশাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরিবর্তে ছোট কিন্তু কার্যকর এআই মডেল তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারের ‘ভাষিণী’ প্রকল্পের সিইও অমিতাভ নাগ ছোট মডেল ব্যবহারের মাধ্যমে সম্পদ সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন। এদিকে গ্রিন এআই সার্ভিসেসের প্রতিষ্ঠাতা প্রসেনজিৎ মজুমদার টোকেন-ভিত্তিক নীতি গ্রহণের প্রস্তাব দিয়েছেন। বিদেশি ডেটা সেন্টারের নির্ভরতা কমিয়ে দেশীয় ডোমেন ও ভাষাভিত্তিক প্রযুক্তি তৈরির লক্ষ্যে আইসার কলকাতার সঙ্গে কাজ করবে গ্রিন এআই সার্ভিসেস। আইআইটি খড়গপুরের অধ্যাপক সুদেষ্ণা সরকারের প্রস্তাবিত নতুন এআই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আদিবাসীসহ সব স্তরের শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রযুক্তিশিক্ষা সহজলভ্য করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।