২২ জুনের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় চমক, মিলবে বকেয়া ডিএ!
কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ও বকেয়া পাওনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির এক প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি সভায় তিনি জানিয়েছেন, আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটেই ডিএ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ-র ৪২ শতাংশের ফারাক ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। এছাড়া, ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০০৮ থেকে ২০১৯ সালের সমস্ত বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ৩ লক্ষ কর্মচারীর অ্যাকাউন্টে জমা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
অন্য এক প্রসঙ্গে, রাজ্যে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ২৮ লক্ষ ২৫ হাজার মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। তিনি আরও দাবি করেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের যাচাই প্রক্রিয়ায় দেখা গেছে যে ২২ লক্ষ উপভোক্তার মধ্যে ২৭ লক্ষ মহিলার নাম ভোটার তালিকায় নেই এবং প্রায় ৩ লক্ষ পুরুষ ভুয়া তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। সরকারি কোষাগারের অর্থের অপচয় রোধ করতেই এই কঠোর যাচাইকরণ প্রক্রিয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।