ওমান উপসাগরে মার্কিন হামলায় প্রাণ গেল তিন ভারতীয় নাবিকের!

ওমান উপসাগরে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ‘এমটি সেট্টেবেল্লো’ নামক বাণিজ্যতরীর তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারত সরকার। বুধবার ঘটা এই হামলায় নিখোঁজ হওয়া নাবিকদের মধ্যে এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তৃতীয়জনের সন্ধানে তল্লাশি চলছে। নিহতরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান ইঞ্জিনিয়র পাটনালা সুরেশ। জাহাজটিতে থাকা ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জনই ভারতীয় ছিলেন। ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও তিনজনের প্রাণহানি ঘটে। ভারত সরকার নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুত মরদেহ দেশে ফেরানোর সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

মার্কিন বাহিনীর দাবি, সতর্কতা উপেক্ষা করে বাণিজ্যতরীগুলো ইরানের বন্দরের দিকে অগ্রসর হওয়ায় এই হামলা চালানো হয়েছে। এদিকে মাত্র দুই দিনের ব্যবধানে ভারতীয় নাবিকবাহী জাহাজে মার্কিন বাহিনীর এমন দ্বিতীয় হামলার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। গত সোমবারও ‘এমটি মারিভেক্স’ নামক একটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালায়, যেখানে কোনো প্রাণহানি না হলেও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনার ব্যাখ্যা চেয়েছে। এই ধারাবাহিক ঘটনা আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি ও ভূ-রাজনৈতিক অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *