ফরাক্কার জমি উদ্ধারে গর্জে উঠলেন অভিষেক, বড় আন্দোলনের ডাক!
তীব্র দাবদাহ উপেক্ষা করে শনিবার ফরাক্কায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে জনজোয়ার সৃষ্টি হয়। ফরাক্কা ও সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে আলআমান মোড় থেকে শুরু হওয়া দীর্ঘ মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজনৈতিক মহলের একাংশ এই বিপুল জনসমাগমকে আসন্ন নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের শক্তিপ্রদর্শন হিসেবেই দেখছে।
জিগরি মোড়ে আয়োজিত সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকার দীর্ঘস্থায়ী নদী ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই সঙ্কটে বিজেপি সরকার নীরব ভূমিকা পালন করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার অনুরোধ সত্ত্বেও কেন্দ্র কোনো সাড়া দেয়নি। এই পরিস্থিতিতে ফরাক্কা ব্যারাজের অব্যবহৃত বিপুল পরিমাণ জমি সাধারণ মানুষের পুনর্বাসনের জন্য ব্যবহারের দাবি তোলেন তিনি। একই সঙ্গে, ব্যারাজের এই জমি উদ্ধারে রাজপথে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়ে, সেই জমি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।