মেডিক্যাল কলেজে দাদাগিরি বন্ধ! স্বজনপোষণ রুখতে ঐতিহাসিক পদক্ষেপে নড়েচড়ে বসল রাজ্য
রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে অধ্যাপকদের বিভাগীয় পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদপ্তর। এখন থেকে পদোন্নতির ইন্টারভিউয়ের জন্য রাজ্যের কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্তার পরিবর্তে ভিন্ রাজ্যের নামী চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকদের বোর্ডে রাখা হবে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ দূর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নির্দেশে বিগত সরকারের আমলে তৈরি বিতর্কিত পদোন্নতির প্যানেলটি বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন পরিচালনার জন্য একজন ‘চিফ ইলেক্টোরাল অফিসার’ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। একই সঙ্গে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সময়ে যেসব চিকিৎসকের বদলি হয়েছিল, সেই বিষয়গুলোও নতুন করে পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।