রেড রোডে মোদীর ৪৫ মিনিট যোগাসন, বিশ্বরেকর্ডের হাতছানি!
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে ৪৫ মিনিট যোগাসন করবেন। কলকাতা পুরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এই মেগা কর্মসূচিটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে। মূল অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা পুরসভার প্রতিটি বোরোর পার্ক, খেলার মাঠ, মোহর কুঞ্জ, রবীন্দ্র সরোবর এবং গঙ্গার পাড়ে সাধারণ মানুষের জন্য বিশেষ যোগা সেশনের ব্যবস্থা করা হয়েছে।
যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ৭ জুন থেকে শুরু হয়েছে যোগা কার্নিভাল, যার চলতি বছরের থিম ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। ১৯ জুন ‘দৌড় থেকে ধ্যান’ কর্মসূচির অধীনে জেলা ও শহরে ২ কিলোমিটার দৌড় ও ধ্যানের আয়োজন করা হয়েছে এবং ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে হুগলি নদীর তীরে থাকবে ড্রোন কার্নিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া, ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সোমবার হাওড়া ব্রিজের ওপর ‘গঙ্গা যোগা করিডর’ থিমে এক অনন্য যোগাসন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করবেন।