সই জাল কাণ্ডে বড় ধাক্কা খেল তৃণমূল, মামলা থেকে সরলেন বিচারপতি!
কলকাতা: তৃণমূলের বিধায়কদের সই জাল করার ঘটনায় কালীঘাটে দলের কার্যালয়ে সিআইডি তল্লাশি চালানোর প্রেক্ষিতে দায়ের করা মামলাটি শুনতে অস্বীকার করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা অন্য একটি মামলা বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে বিচারাধীন থাকায়, বিভ্রান্তি এড়াতে তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে সিআইডি তল্লাশির বৈধতা সংক্রান্ত এই মামলাটি এখন প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তরিত হয়েছে।
তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। এই ঘটনায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জেরা করেছেন সিআইডির তদন্তকারীরা। এছাড়া রেজোলিউশনের আসল কপির অনুসন্ধানে সিআইডি কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে তল্লাশি চালালে, সেই পদক্ষেপের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিল শাসকদল। এখন প্রধান বিচারপতিই ঠিক করবেন, পরবর্তী পর্যায়ে কোন বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে।