রাজারহাট-নিউটাউন ভোটে কারচুপি! হাইকোর্টে তাপস চট্টোপাধ্যায়
রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই আইনি লড়াই শুরু করেছেন। আবেদনে তিনি ভোট পুনর্গণনার পাশাপাশি নির্বাচনের সমস্ত নথি ও রেকর্ড সুরক্ষিত রাখার আর্জি জানিয়েছেন। তৃণমূলের অভিযোগ, শেষ পর্যায়ে ১৬৪ নম্বর বুথের অস্বাভাবিক ফলাফলের কারণেই সমীকরণ বদলে গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংখ্যালঘু অধ্যুষিত ওই বুথে ৬৫৬টি ভোটের মধ্যে বিজেপি পেয়েছে ৬৩৭টি এবং তৃণমূল পেয়েছে মাত্র ৫টি ভোট। এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের দাবি, পাশের ১৬৫ নম্বর বুথে, যেখানে ৯১ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন, সেখানে বিজেপি মাত্র ৩২টি ভোট পেয়েছে। পাশাপাশি দুটি সংখ্যালঘু বুথের ফলাফলে এমন আকাশ-পাতাল ফারাক রাজনৈতিক বাস্তবতার পরিপন্থী বলে শাসকদলের অভিযোগ। তৃণমূলের আরও দাবি, গণনা শেষ পর্যায়ে ১৬৪ নম্বর বুথের ইভিএম তড়িঘড়ি গণনা করা হয়েছে।